মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

- আপডেট সময় : ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গতকাল সোমবার গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশেই এ ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এই ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।
নিহত ব্যক্তির বয়স ৪২ বছর। এছাড়া গুলিতে আহত দুজনও পুরুষ এবং তাদের দুজনেরই বয়স ৩৯ বছর। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এই জায়গাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।
পুলিশের ভাষ্যমতে, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ বিষয়। তবে রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও মেক্সিকো সিটিতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

























