ইরান যুদ্ধে ৬২৪ মার্কিন সেনা আহত, নতুন পদ্ধতিতে বিতর্কের ঝড়

- আপডেট সময় : ০৮:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যানে এই হতাহতের বড় তথ্য উঠে এসেছে। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬২৪ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন।
হতাহতের সঠিক তথ্য সংরক্ষণের লক্ষ্যে গত রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর একটি নতুন রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। এই নতুন ব্যবস্থার আওতায় হতাহতের সামগ্রিক হিসাবকে ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘ওভারসিজ অপারেশনস’—এই দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে এই পদ্ধতি চালুর পর থেকেই তথ্যে অসচ্ছতা ও সত্য গোপনের গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ জুলাইয়ের পর থেকে মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ২০৭ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৮২ জনই সেনাসদস্য। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, ৭ জুলাইয়ের পর আহতদের অন্তত ৯৬ শতাংশ সদস্য ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরে গেছেন।
সরকারি এই হিসাবের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস। এছাড়া ট্রাম্পের সমালোচক রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এই বিভাজনকে একটি ‘হাস্যকর চালাকি’ বলে আখ্যা দিয়েছেন। তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এই বিতর্ককে ‘সাময়িক তথ্যগত বিভ্রাট’ হিসেবে দাবি করে জানিয়েছেন, দ্রুত এই পদ্ধতিগত ত্রুটি সমাধান করতে কাজ চলছে। এদিকে অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়ার আশঙ্কায় গত তিন দিন ধরে ইরানে সামরিক হামলা স্থগিত রেখেছে মার্কিন বাহিনী।



























