‘আমি একটি শিশুকে বিয়ে করেছি’, স্ত্রী নাজরিয়াকে নিয়ে ফাহাদ ফাসিলের রসিকতা
- আপডেট সময় : ১২:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল সাধারণত নিজের ব্যক্তিগত জীবন ও স্ত্রী নাজরিয়া নাজিমকে নিয়ে খুব একটা মুখ খোলেন না। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের এক শিশু সহশিল্পীর প্রশংসা করতে গিয়ে স্ত্রীকে জড়িয়ে এক রসাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তেলুগু সিনেমা ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর চেন্নাইয়ের প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে শিশুশিল্পী স্সারা পালেকরের প্রশংসা করার একপর্যায়ে ফাহাদ রসিকতা করে বলেন, “তাহলে আমি তো একটি শিশুকে বিয়ে করেছি।”
নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ফাহাদ ফাসিল। তিনি জানান, অনেকেই তাকে বলেন যে শিশুদের সামলানোর ক্ষেত্রে তার ধৈর্য নাকি অসাধারণ। এর জবাবে তিনি মজা করে বলেন, “আমার বাড়িতেই তো একজন আছে। এতদিন ধরে সেটাই সামলাচ্ছি।” এরপর হেসে তিনি আরও যোগ করেন, “কিন্তু এবার এমন একটি শিশুর সঙ্গে দেখা হয়েছে, যে আমাকে সামলেছে।” স্সারার আত্মবিশ্বাসের প্রশংসা করে ফাহাদ জানান, শুটিংয়ে তার কোনো সংলাপ ভুল হলে এই শিশুশিল্পী নির্দ্বিধায় তা সংশোধন করে দিত। স্সারাকে নিজের প্রিয় সহশিল্পী হিসেবেও অভিহিত করেন তিনি।
ফাহাদ ও নাজরিয়ার সম্পর্কের শুরু ২০১৩ সালে। অঞ্জলি মেননের ‘ব্যাঙ্গালোর ডেইজ’ সিনেমার সেটে তাদের প্রথম পরিচয় হয়, যেখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০১৪ সালে ছবিটি মুক্তির আগেই তাদের বাগদান সম্পন্ন হয়। একই বছরের ২১ আগস্ট তিরুবনন্তপুরমে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় ফাহাদের বয়স ছিল ৩২ বছর এবং নাজরিয়ার বয়স ছিল ১৯ বছর। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১২ বছর। পরবর্তীতে ২০২০ সালে ‘ট্রান্স’ সিনেমাতেও এই জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
১৯৮২ সালের ৮ আগস্ট জন্ম নেওয়া ফাহাদ ফাসিল এবং ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া নাজরিয়া নাজিম—দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে তারা সাধারণত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাজরিয়ার একটি রহস্যময় পোস্ট তাদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা-কালের জন্ম দেয়। গত জুনে নাজরিয়া লিখেছিলেন, “আমি ভাবতাম, লাল পতাকার পেছনে ছুটে বেড়ানো ষাঁড়গুলোই পাগল। কিন্তু এখন দেখছি, আমিও তাই করছি।”
নাজরিয়ার এই পোস্টটি ঘিরে ভক্তদের একাংশ ধারণা করেন, তিনি হয়তো ফাহাদকে ইঙ্গিত করে এটি লিখেছেন। তবে অন্যদের মতে, এটি তার আসন্ন স্পেনে চিত্রায়িত সিনেমা ‘গ্রাসিয়াস এল ক্লাসিকো’-র শুটিং সংক্রান্ত কোনো বিষয়ও হতে পারে। অবশ্য এই পোস্ট নিয়ে ফাহাদ বা নাজরিয়া কেউই কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। দীর্ঘ দাম্পত্যে নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো আলোচনার বাইরে রাখা এই দম্পতির সম্পর্কের এক বিরল ও স্বতঃস্ফূর্ত ঝলক হিসেবেই ফাহাদের এই সাম্প্রতিক রসিকতাকে দেখছেন ভক্তরা।





























