সন্তানদের কাছে ফিরতে প্রতিদিন ১৮ ঘণ্টা শুটিংয়ে প্রীতি জিনতা
- আপডেট সময় : ০২:৪৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। দীর্ঘ প্রায় এক দশকের বিরতি ভেঙে 'বাটওয়ারা ১৯৪৭' সিনেমার মাধ্যমে পর্দায় ফেরার পর, বর্তমানে তিনি কুনাল খেমু পরিচালিত 'ভাইব' সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার শুটিং করতে গিয়ে তিনি প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেছেন বলে নিজেই জানিয়েছেন।
২ সেপ্টেম্বর মুম্বাইয়ে সিনেমাটির জমকালো ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রীতি জিনতা বলিউডের দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, শুটিং দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে নিজের সন্তানদের কাছে ফিরতেই তিনি এমন লম্বা সময় কাজ করেছেন। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। অভিনেত্রী স্পষ্ট করেন যে, তিনি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে এসেছিলেন এবং যত দ্রুত সম্ভব কাজ শেষ করে পরিবারের কাছে ফিরতে চেয়েছিলেন।
বলিউডে অভিনেতাদের কর্মঘণ্টা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছর দীপিকা পাড়ুকোনের 'স্পিরিট' সিনেমা থেকে সরে যাওয়ার খবরের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এমনকি 'কালকি'র মতো বড় সিনেমা থেকেও তিনি বাদ দেন। সে সময় দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের খবর প্রকাশ পেয়েছিল।
অ্যামাজন এমজিএম স্টুডিওসের এই সিনেমাটি ড্রঙ্গো ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন কুনাল খেমু ও চিরাগ নিহালানি। 'ভাইব' সিনেমায় প্রীতি জিনতার পাশাপাশি অভিনয় করেছেন 'লাপাত্তা লেডিজ' খ্যাত স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীর, যশপাল শর্মা ও দিনেশ লাল যাদব।




























