মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’
- আপডেট সময় : ০৪:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা এবং কালজয়ী নাটক ‘রক্তকরবী’র মূল ভাবনার আশ্রয়ে মঞ্চে আসছে নতুন নাট্য প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। নাগরিক নাট্যাঙ্গনের ২৮তম এই নাট্যপ্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী ও নির্দেশক ষড়েশ্বর্য লাকী ইনাম।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এটি নাগরিক নাট্যাঙ্গনের নবম প্রযোজনা হিসেবে দর্শকদের সামনে আসছে।
নাট্যকার লাকী ইনামের মতে, বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই রোবটিক যুগে মানুষের জীবন অনেকটা দুই বিপরীতমুখী পাখির মতো—একদল স্বর্ণের খাঁচায় বিলাসিতায় থেকেও পরাধীন, অন্যদল অনিশ্চয়তায় থাকলেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন। এই দুই সত্ত্বার মিলনের আকাঙ্ক্ষা এবং মুক্তি অর্জনের প্রচেষ্টায় নাটকটিতে উপস্থিত হয় ‘রক্তকরবী’র নন্দিনী। যক্ষপুরীর রাজা মকররাজের শাসনে পিষ্ট মানুষের মানবিক অধিকার ফিরিয়ে আনতে নন্দিনীর দ্রোহ ও আত্মত্যাগের গল্পই নাটকের মূল উপজীব্য।
নাটকটির পান্ডুলিপি রচনায় হৃদি হক অনুপ্রাণিত করেছেন জানিয়ে লাকী ইনাম বলেন, “দুই পাখি” আর “রক্তকরবী” দুটোই রবীন্দ্রনাথের স্বাধীনতার কথা বলার ভিন্ন শিল্পরূপ। প্রকৃত স্বাধীনতা হলো খাঁচায় পুরে রাখার মানসিকতা ভেঙে সবাইকে তার নিজস্ব বৈশিষ্ট্যে বাঁচতে দেওয়া।
প্রযোজনাটির বিষয়ে তিনি আরও জানান, গত ৪ঠা সেপ্টেম্বর তার ৭৫তম জন্মদিন ছিল। তিনি নিজের দীর্ঘ শিল্প-সংস্কৃতির জীবনকে উদযাপন করতে চেয়েছেন নতুন নাটকের সৃজন ও মঞ্চায়নের মাধ্যমে। মঞ্চসজ্জা, আবহ সংগীত ও পোশাকসহ প্রতিটি ক্ষেত্রে দলের সকল কর্মীর ভালোবাসা ও ঠান্ডু রায়হানের উপদেষ্টা হিসেবে পরামর্শ তাকে এই কাজটি সূক্ষ্মভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে।



























