বিয়ে করলেন সোহানা সাবা, জানালেন জীবনসঙ্গী ফয়সাল সামাদের পরিচয়
- আপডেট সময় : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

অভিনয়শিল্পী সোহানা সাবা ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পর অবশেষে এই অভিনেত্রী নিজেই জানালেন, দেড় বছরেরও বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুরুতে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ বা স্বামীর নাম প্রকাশ করতে না চাইলেও, পরে তিনি জানান তাঁর জীবনসঙ্গীর নাম ফয়সাল সামাদ।
অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল সামাদ তৈরি পোশাকশিল্পের একজন ব্যবসায়ী। তিনি সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এবং ২০২৩ সালের বিজিএমইএ নির্বাচনে সংগঠনটির প্যানেল লিডার হিসেবে অংশ নিয়েছিলেন। এর আগে তিনি আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
ব্যবসায়ী মহলের তথ্য অনুযায়ী, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় ‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সাবা তাঁর সম্পর্কের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় গোপন রেখেছিলেন। অবশেষে সেই প্রেমের সম্পর্কই যে বিয়ের পরিণতি পেয়েছে, তা আজ মঙ্গলবার দুপুরে নিজেই জানিয়েছেন তিনি।
সোহানা সাবা জানান, নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার জীবনের ইতি টানার পর তিনি নিজের জীবন গুছিয়ে নিচ্ছিলেন। সেই পথচলাতেই ফয়সালের সঙ্গে পরিচয় হয়। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। সাবা বলেন, ‘মনে হয়েছে এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’
বিয়ের পর বর্তমান জীবন নিয়ে সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’





























