শিল্পকলা একাডেমিতে তিন দিনের চলচ্চিত্র উৎসব শুরু ৯ আগস্ট
- আপডেট সময় : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এক চলচ্চিত্র উৎসব। ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’ শীর্ষক এই উৎসবটি ৯ আগস্ট শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে সিনেমাগুলো প্রদর্শিত হবে। উৎসবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উৎসবের উদ্বোধনী দিন ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। ঈদুল-আজহায় মুক্তির পর সিনেমাটি দেশ ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেন।
উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত সিনেমা ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকাল ৫টা ৩০ মিনিটে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ প্রদর্শিত হবে। একই দিন রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার প্রদর্শনী দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই উৎসবটি ব্যবস্থাপনায় রয়েছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং এতে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।


























