রুনা লায়লা অস্ট্রেলিয়ায় গাইবেন এক দশক পর, দুটি বিশেষ কনসার্টে
- আপডেট সময় : ০২:১৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় দুটি বিশেষ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। তার সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। এর মধ্যে মেলবোর্নে এটিই হবে তার প্রথম মঞ্চ পরিবেশনা।
জানা গেছে, আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে রুনা লায়লার সঙ্গে মঞ্চ মাতাবে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী পিন্টু ঘোষও উপস্থিত থাকবেন। এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শীর্ষক আরেকটি কনসার্ট।
এক ভিডিও বার্তায় রুনা লায়লা তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘অনেক বছর পর অস্ট্রেলিয়ায় আপনাদের গান শোনাতে আসছি। ১ আগস্ট সিডনিতে এবং ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের জন্য অনেক গান গাইব। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।’
এই বরেণ্য শিল্পী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন। এর আগে গত ২৪ জুলাই তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতসন্ধ্যায় দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী শ্রোতাদের সামনে তার দীর্ঘ সংগীতজীবনের নির্বাচিত জনপ্রিয় গান পরিবেশনের অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে সুনাম অর্জনকারী এই শিল্পী।





























