বেরোবিতে তিন হলে নতুন প্রভোস্ট, ছাত্র পরামর্শ দপ্তরে নতুন পরিচালক
- আপডেট সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) চার শিক্ষককে নতুন প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রভোস্ট এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে এই নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
নিয়োগ অনুযায়ী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. মাসুদ রানা এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি সেই পদ থেকে তার পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।





























