৫ দফা দাবিতে চবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন রনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও এখনো শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে ক্যাম্পাসের বাইরে উচ্চমূল্যে বসবাস করতে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও আর্থিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি নতুন আবাসিক হল নির্মাণ এবং বিদ্যমান হলগুলোর সংস্কারের মাধ্যমে দ্রুত আবাসন সংকট সমাধানের রোডম্যাপ প্রকাশের দাবি জানান। একই সঙ্গে, আবাসন সংকট না মেটা পর্যন্ত ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবিও উত্থাপন করেন তিনি।
পরিবহন সংকটের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে শাটল ট্রেন ও বাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নতুন রুট চালু, অতিরিক্ত রুট বাস সংযোজন এবং পরিবহন ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান ছাত্রশিবির নেতা।
সিট বণ্টনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইব্রাহিম হোসেন রনি বলেন, সিট বরাদ্দ হতে হবে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে এবং মেধার ভিত্তিতে। কোনো প্রভাবশালী ব্যক্তি, শিক্ষক বা রাজনৈতিক সংগঠনের সুপারিশে সিট বণ্টনের সুযোগ রাখা যাবে না। স্বচ্ছতা নিশ্চিতে সিট বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানানোর পাশাপাশি সম্প্রতি এ বিষয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের কর্মীদের পুনর্বাসনের জায়গা নয়, বরং সব শিক্ষার্থীর সমান অধিকারভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সিনেট নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়। নেতারা বলেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। সংবাদ সম্মেলন শেষে নেতারা বলেন, তারা বারবার আন্দোলনে যেতে চান না, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করবে—এমনটাই তাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।




























