চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি
- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২১। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।
বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরবর্তীতে বেলা ১১টার দিকে শুরু হয় গণস্বাক্ষর অভিযান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষার্থীবান্ধব উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। তারা অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক ‘শাটডাউন’সহ ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার সকাল থেকে সর্বাত্মক শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি শুরু হয় এবং ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়, যা ছুটির দিনেও অব্যাহত রয়েছে।




























