বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
- আপডেট সময় : ১১:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত বিদ্যমান এসব কমিটি থেকে ‘আওয়ামীপন্থি লোকজনকে সরাতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ে যে সব কমিটি রয়েছে, তার অধিকাংশ বেশ কয়েক বছর আগে গঠিত হয়েছিল। এছাড়া অনেক কমিটির প্রজ্ঞাপন বা কার্যক্রমের হালনাগাদ তথ্যও কর্তৃপক্ষের কাছে নেই। এই পরিস্থিতি বিবেচনায় কমিটিগুলো পুনর্গঠন করে হালনাগাদ করা অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটিগুলোতে সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে, যার মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। এছাড়া সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক মনোনয়নের বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যমান কমিটি হালনাগাদ করে দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


























