কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প গ্রহণ
- আপডেট সময় : ০৩:২৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৭। দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প সরকারি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। 'স্ট্রেনদেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (এসএটিইপি)' নামের পাঁচ বছর মেয়াদি এই উদ্যোগটি ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কৃষি উচ্চশিক্ষার মান উন্নয়ন, জলবায়ু-স্মার্ট কৃষি গবেষণা জোরদার এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ শক্তিশালী করা।
প্রস্তাবিত এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এডিবি ১০৫ মিলিয়ন ডলার এবং কোরিয়া এক্সিম ব্যাংক বা ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (কেএক্সিম/ইডিসিএফ) ৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে। বুধবার (২ সেপ্টেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, এডিবির সিনিয়র সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট রিওতারো হায়াশি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক গবেষণা ও জ্ঞান হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখানে জলবায়ু পরিবর্তন ও কৃষি গবেষণা সংক্রান্ত একটি আধুনিক ইনস্ট্রুমেন্টেশন সেন্টার স্থাপন করা হবে। এছাড়া রিমোট সেন্সিং, জিপিএস, জিআইএস, ড্রোন, ডিজিটাল টুইন, ওয়েদার অ্যানালিটিকস, বিগ ডেটা অ্যানালিটিকস, বায়োটেকনোলজি ও রোবটিকসের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে জোর দেওয়া হবে।
শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি তরুণ কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রি-স্টার্টআপ, স্টার্টআপ ও ইনকিউবেশন সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এডিবির মিশন লিডার রিওতারো হায়াশি জানান, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও সহায়তা দেওয়া হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এই প্রকল্পটি দেশের কৃষি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী পরিবেশ তৈরিতে সহায়ক হবে।





























