জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ
- আপডেট সময় : ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার কোড ২২০২ এবং প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে পরীক্ষার নির্ধারিত সময় উল্লেখ থাকবে।
প্রথম দিনে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর, পরবর্তী তারিখগুলোতে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক বের করা যাবে না। এছাড়া, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা রাখে।





























