৫৬ বছর পর বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
- আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দীর্ঘ ৫৬ বছর ধরে বার্কশায়ার হ্যাথাওয়ের কর্ণধার হিসেবে দায়িত্ব পালনের পর এবার কোম্পানিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। গত বছরের শেষ দিকে তিনি বার্কশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নিয়েছিলেন, এবার ১৯৭০ সাল থেকে আঁকড়ে থাকা চেয়ারম্যানের পদটিও ছাড়ছেন ৯৬ বছর বয়সী এই ব্যবসায়ী।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বাফেট পরিচালনা পর্ষদে থেকে এখন ‘চেয়ারম্যান এমেরিটাস’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার স্থলাভিষিক্ত হবেন তার ছেলে হাওয়ার্ড বাফেট, যিনি ১৯৯৩ সাল থেকে কোম্পানিটির বোর্ড সদস্য হিসেবে কাজ করছেন। বাফেটের এই পদত্যাগের খবরে বার্কশায়ারের শেয়ারের দামে বড় কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।
শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে বাফেট জানিয়েছেন, চেয়ারম্যান পদ ছাড়ার অন্যতম কারণ বর্তমান সিইও গ্রেগ অ্যাবেলের কর্মদক্ষতা, যিনি তার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। পাশাপাশি নিজের বয়সের বিষয়টিও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। বাফেটের উত্তরসূরি গ্রেগ অ্যাবেল এক বিবৃতিতে বাফেটের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমেরিকান ব্যবসার ইতিহাসে বার্কশায়ার এবং এর মালিকদের ওপর ওয়ারেনের প্রভাব অতুলনীয়।
‘ওমাহার ওরাকল’ খ্যাত বাফেট মূল্য বিনিয়োগের নিজস্ব তত্ত্ব প্রয়োগ করে বার্কশায়ার হ্যাথাওয়েকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করেছেন। ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার। বাফেট বিশ্বের ১০ম ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি একজন বড় দানশীল হিসেবেও পরিচিত।
তিনি ২০১০ সালে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে মিলে ‘দ্য গিভিং প্লেজ’ প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল বিশ্বের ধনীদের সম্পদের অন্তত অর্ধেক দাতব্য কাজে দান করতে উৎসাহিত করা। তবে চলতি বছরের শুরুতে বাফেট ঘোষণা করেন যে, তিনি গেটস ফাউন্ডেশনকে আর কোনো শেয়ার দান করবেন না। এছাড়া সাবেক ঘনিষ্ঠ বন্ধু বিল গেটসের সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি। দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে তথ্য প্রকাশ্যে আসার পরই বাফেট এই কঠোর সিদ্ধান্ত নেন।





























