ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার
- আপডেট সময় : ০৮:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল করেছে সরকার। এর ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন থেকে প্রতি কর মেয়াদ (মাস) শেষেই ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এবং প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ সংক্রান্ত খসড়া সংশোধনী অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে এই খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন এই সংশোধনী অনুযায়ী, আগে যেখানে প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ ছিল, এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিনটি যদি সরকারি ছুটির দিন হয়, তবে তার পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।
এদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান শূন্য রিটার্ন দাখিল করেন, তারা কিছুটা বাড়তি সময় পাবেন। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে তাদের দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের সুবিধার্থে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিলের এই নিয়ম চালু করা হয়েছিল। তবে পরবর্তীতে ভ্যাট আদায়ের গতি কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই নিয়মটি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।




























