রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কর ফাঁকি রোধে এনবিআরের বহুমুখী উদ্যোগ
- আপডেট সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরে স্বাধীনতার পর সর্বোচ্চ উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এ বছর এনবিআরের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে, যা সদ্য সমাপ্ত অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।
রাজস্ব আদায় বাড়ানো ও কর-জিডিপি অনুপাত উন্নত করতে বিএনপি সরকার গঠনের পর প্রথম ছয় মাসে এনবিআর ও অর্থ মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে কর ফাঁকি শনাক্তকরণ, বকেয়া রাজস্ব আদায়, মামলায় আটকে থাকা অর্থ উদ্ধারে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর), দ্রুত অডিট নিষ্পত্তি, ভ্যাট ফাঁকি রোধ, উৎসে কর তদারকি এবং প্রযুক্তিনির্ভর নজরদারি।
রাজস্ব বাড়াতে এনবিআর বর্তমানে কর ফাঁকি শনাক্ত ও তা বন্ধের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মাঠপর্যায়ে অভিযান জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। এছাড়া কর্মকর্তাদের মনোবল বাড়ানো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। ‘টিম এনবিআর’ ধারণায় রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।




























