সাইকেল চুরি নিয়ে বাগবিতণ্ডা, ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধর
- আপডেট সময় : ০৩:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক হোস্টেলে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ‘ঢাকা রেসিডেন্সি’ নামের ওই হোস্টেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। মারধরের একপর্যায়ে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আহত ওই শিক্ষার্থীকে বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে তাদের মারধর ও আটকে রাখা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ছেড়ে দেওয়া হলেও হোস্টেল মালিক তাদের ব্যবহৃত আইফোনসহ কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলেন।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে হোস্টেলের রুমমেট অপূর্বর একটি সাইকেল চুরি হয়। এ বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তারা ক্যামেরা নষ্ট বলে জানান। পরে ফুটেজ দেখানোর কথা বলে তাদের কিছুটা পথ নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয় এবং বিষয়টি নিয়ে কমিটির লোকজনের সঙ্গে কথা বলতে বলা হয়।
পরবর্তীতে হোস্টেলের মালিক ও ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় নিরাপত্তার বিষয়টি সামনে আসে। ম্যানেজার তাদের মালামালের নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় রাকিব নামের এক শিক্ষার্থী নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষ জোরপূর্বক তার ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর মালিক, ম্যানেজার ও কর্মচারীরা মিলে তাদের ওপর হামলা চালায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মারধর করতে করতে তাদের গেটের দিকে নিয়ে যাওয়া হয় এবং গেট বন্ধ করে বাঁশ দিয়ে পেটানো হয়। এতে রাকিবের মাথা ফেটে যায় এবং অন্য শিক্ষার্থীদের হাত ও নাকে আঘাত লাগে। হামলার পর তাদের মাত্র আধা ঘণ্টার মধ্যে হোস্টেল ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরে তারা তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র নিয়ে ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নেন।
এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ঢাকা কলেজের উপাধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৫১





























