সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার বেলা ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুর্গাপুর প্রেসক্লাবের পাশাপাশি দুর্গাপুর সাংবাদিক সমিতি ও নেত্রকোনার সাংবাদিকরা অংশ নেন।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, প্রেসক্লাবের সদস্য ধনেশ পত্রনবীশ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার।
মানববন্ধনে এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি তাকে শহীদ হতে হয়, তবে প্রতিটি সাংবাদিক সত্য প্রকাশে অটল থাকবে। তিনি আরও বলেন, কারা চোরাচালানের সঙ্গে যুক্ত তা পুলিশ জানে, তাই দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা প্রয়োজন।
কর্মসূচি থেকে বক্তারা সারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই দাবিতে নেত্রকোনা প্রেসক্লাবের সামনেও পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।





























