নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ
- আপডেট সময় : ০৬:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির একটি নতুন ভিডিওতে সীতার চরিত্রে অভিনেত্রী সাই পল্লবীকে এক ভিন্ন রূপে দেখা গেছে, যেখানে তাকে রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে। একই ভিডিওতে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনেতা যশের ঝলকও উঠে এসেছে।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিশাল আয়োজনের এই সিনেমার সম্ভাব্য বাজেট প্রায় চার হাজার কোটি রুপি। নির্মাতা ও প্রযোজকদের দাবি, এই মহাকাব্যিক প্রকল্পে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার মানুষ কাজ করছেন। সিনেমাটিতে ভারতীয় পুরাণের কাহিনির সঙ্গে আধুনিক চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তি এবং আন্তর্জাতিক পর্যায়ের কলাকুশলীদের সমন্বয় ঘটানো হয়েছে।
ইউটিউবে প্রকাশিত ভিডিওটির সঙ্গে নির্মাতারা এটিকে একটি বিশাল ক্যানভাসের মহাকাব্য হিসেবে অভিহিত করেছেন। এতে প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নিতেশ তিওয়ারি এবং অভিনেতা রণবীর কাপুর সিনেমাটিকে বড় পর্দায় তুলে ধরার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রযোজক নমিত মালহোত্রার মতে, ‘রামায়ণ’ এমন একটি মহাকাব্য যেখানে চরিত্রের গভীরতা, আবেগ ও বিশাল আয়োজনের সমন্বয় রয়েছে। তার ভাষ্যমতে, এই সিনেমা নির্মাণের সুযোগ পাওয়ার পর থেকেই তিনি অনুভব করেছিলেন যে, এটি বাস্তবে রূপ দেওয়া প্রয়োজন। কিছু সিনেমা শুধু তৈরি করা হয় না, সেগুলো যেন নিজেরাই বাস্তবে রূপ নেয়।
পরিচালক নিতেশ তিওয়ারি জানিয়েছেন, গল্পটির সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সংযোগ খুঁজে পাবেন, কারণ এতে বাবা-ছেলের সম্পর্ক, প্রতিকূলতা জয় এবং সাহসী প্রেমের কাহিনি রয়েছে। অভিনেতা রণবীর কাপুরও সিনেমাটির বিশাল পরিসর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, নমিত মালহোত্রার নেতৃত্বে এমন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের একত্র করা এবং এত বড় পরিসরে কাজ করার সুযোগ চলচ্চিত্রজগতে বিরল।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং যশের প্রতিষ্ঠান মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হলিউডের বিখ্যাত সংগীতকার হান্স জিমার ও ভারতের এ আর রহমান।




























