বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি
- আপডেট সময় : ০৪:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায় থেকে কিছুটা দূরে থেকে নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী শেহতাজ মণিরা হাশেম। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন নীরব ছিলেন তিনি। তবে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
খোলা প্রান্তর আর প্রকৃতির আবহে তোলা ছবিগুলোতে শেহতাজকে ভিন্ন এক মুহূর্তে দেখা গেছে। ছবিগুলোর সঙ্গে আবহসংগীত হিসেবে তিনি যুক্ত করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি। বিচ্ছেদের ঘোষণার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন এই পোস্টটি অনুসারীদের নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়েছে। তবে নতুন এই ছবির মাধ্যমে ব্যক্তিগত জীবন বা বিচ্ছেদ নিয়ে কোনো ইঙ্গিত দেননি শেহতাজ। এ বিষয়ে তিনি নতুন করে কোনো মন্তব্যও করেননি।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম হাসান ও শেহতাজ মণিরা হাশেম। তবে গত ৪ অক্টোবর এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, দীর্ঘ দশ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা অটুট রাখার পাশাপাশি তারা জানান, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে প্রীতম হাসান জানান, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান উল্লেখ করে প্রীতম বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন।




























