ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা
- আপডেট সময় : ০৩:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার দপ্তর। এ ধরনের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে খবরটি প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এই প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনা ঘটেছিল, সে বিষয়ে প্রতিমন্ত্রী এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর ছড়ানো বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।


























