রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মই ব্যবহার করে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমির কর্মকার জানান, মন্দিরের পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। রায়পুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি ছিল না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























