পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৩:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড় পশ্চিমপাড়া এলাকার হাসেম প্রামাণিকের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে নিজ এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। সে সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার জিআর নম্বর ১০৯/১৩। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত সোমবার এই রায় প্রদান করেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।



























