জামালপুরের মাদারগঞ্জে শতদল সমবায় সমিতির গ্রাহকদের অর্থ বিতরণ শুরু
- আপডেট সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় রক্ষিত শতদল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রায় ৯৯ লাখ টাকা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মাজেদ ইসলাম নামক এক গ্রাহককে টাকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এ সময় বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন।
প্রাথমিক পর্যায়ে মাদারগঞ্জ পৌরসভা ও ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের গ্রাহকদের এই অর্থ দেওয়া হচ্ছে। যেসব গ্রাহকের আমানত ৩ লাখ টাকার নিচে, তাদের জমার ৫ শতাংশ হারে টাকা ফেরত দেওয়া হচ্ছে। ঝালুপাড়া এলাকার গ্রাহক শ্রীমতি রুপসী তার ২ লাখ টাকা আমানতের বিপরীতে ১০ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ লাখ টাকার বেশি আমানত থাকা গ্রাহকরাও পর্যায়ক্রমে তাদের টাকা ফেরত পাবেন, তবে বৃহস্পতিবার তাদের অর্থ প্রদান করা হয়নি।
শতদল সমবায় সমিতির মোট ৩২ হাজার ৪২৪ জন গ্রাহক রয়েছেন। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সমিতির গ্রাহক। দীর্ঘদিনের আন্দোলন ও ২৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে এই টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুঞ্জরুল ইসলাম মুসা, অর্থ উদ্ধার কমিটির প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান মোখলেসসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, জেলা সমবায় দপ্তরের তথ্যমতে, মাদারগঞ্জের আরও ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।


























