শিবগঞ্জে পৌরসভার কাজে বাধা ও গাড়ি ভাঙচুর, আটক ১
- আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি ও সরকারি কাজে হামলার ঘটনায় রাজু আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।
পৌর কর্তৃপক্ষ জানায়, চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণের সময় রাজু আহমেদ কাজে বাধা দেন। এসময় তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী শরিফুল ইসলামের ওপর হামলা চালান এবং বর্জ্য পরিবহনের গাড়িটি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত রাজু আহমেদ ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের হুমকিও প্রদান করেন।
পরবর্তীতে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজুকে আটক করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৌরসভার পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।




























