খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার
- আপডেট সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে খাগড়াছড়িতে নারী ফুটবলের বিকাশ ও খেলোয়াড় তৈরির লক্ষ্যে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণিল আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। আয়োজকদের তথ্যমতে, এবারের চ্যাম্পিয়নশিপে মোট নয়টি দল অংশ নিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।




























