উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ১০:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের এক অভিযানে প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বনভূমি দখল করে গড়ে তোলা সাতটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, এই বনভূমি জবরদখলের পেছনে স্থানীয় কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক জড়িত রয়েছেন। অভিযুক্ত এই দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযান প্রসঙ্গে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘‘বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’



























