টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ কাঠের বোট জব্দ করলো কোস্ট গার্ড
- আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিস ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালীন কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আভিযানিক দল নাফ নদীতে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটিতে থাকা মাদক পাচারকারীরা দ্রুত নদীর তীরে বোটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দলটি বোটটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করে।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।



























