সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে ঢুকে যুবককে মারধর, আহত ১
- আপডেট সময় : ০৫:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের প্রাক্কালে মসজিদের ভেতর ঢুকে নাহিদ হাসান (২৬) নামে এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া (বড়বাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নাহিদের বাবা সাইফুর রহমানের সঙ্গে বিরোধের কারণে এই হামলা চালানো হয়। শুক্রবার জুমার নামাজের আগে নাহিদ যখন মসজিদে সুন্নত নামাজ আদায় করছিলেন, তখন কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান। আক্রমণকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে নাহিদ পাশের শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, সেখানেও হামলাকারীরা ঢুকে তাকে পুনরায় মারধর করে।
আহত নাহিদকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় জুবেল আহমদ (৪০), জাহিন আহমদ (২৭), আফজাল (৩০)—যারা রেজাউল করিমের ছেলে—এবং শেবিরের ছেলে লাহিন (২৮) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বাড়ি পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে আহত যুবকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার এসআই রাকিবুল ইসলাম জানান, বীরগাঁওয়ের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


























