ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং, ৪ চালককে জরিমানা
- আপডেট সময় : ১২:০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিং করার দায়ে চারজন চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও মাহমুদা জাহান জানান, বিদ্যালয়ের পাশের রাস্তায় অ্যাম্বুলেন্সগুলো পার্কিং করে রাখা হতো। এর ফলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে চারজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আটক করা হয়।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়া ওই চার ড্রাইভারকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল। ভবিষ্যতে ওই এলাকায় আর কোনো অ্যাম্বুলেন্স পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




























