ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের
- আপডেট সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে চলমান যুদ্ধ বন্ধ করে দ্রুত সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। একই বৈঠকে চীনা প্রেসিডেন্ট তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্কও করেছেন। খবর আনাদোলুর।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, শি জিনপিং বৈঠকে উল্লেখ করেন যে, চীন সবসময় সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, বেইজিং উত্তেজনা প্রশমনে এবং আলোচনার পরিবেশ তৈরিতে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। দুই পক্ষকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার বিষয়ে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান শি।
চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরান দ্রুত সম্ভাব্য সকল আলোচনায় ফিরে গিয়ে তাদের মতপার্থক্য দূর করবে এবং পারমাণবিক ইস্যুসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। এর মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি ওয়াশিংটনকে 'তাইওয়ান স্বাধীনতার' বিরোধিতার অবস্থান বজায় রাখার এবং তাইওয়ান প্রশ্নে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এটি দুই দেশের কৌশলগত সহযোগিতা ও সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। শি আরও স্পষ্ট করে বলেন, চীনের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে বেইজিংয়ের অবস্থান 'সম্পূর্ণ স্পষ্ট'।
আলোচনায় শি জিনপিং জোর দিয়ে বলেন যে, কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে একটি গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলা কোনো সাময়িক পদক্ষেপ নয়। তিনি বিশ্বাস করেন, এমন একটি সম্পর্কের জন্য নতুন দৃষ্টিভঙ্গি দুই দেশকে পারস্পরিক সহাবস্থানের সঠিক পথ খুঁজে পেতে সহায়তা করবে।
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৪



























