চাঁদপুরে লেকের পাড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন, পুড়েছে ইন্টারনেট ও ডিসের তার
- আপডেট সময় : ০১:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন লেকের পাড়ে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয়। আগুনের ফলে খুঁটিতে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইন, ইন্টারনেট এবং ডিসের তার ব্যাপকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্যমতে, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় ছায়াবাণী সিনেমা হলের মোড়ের লেকের ঘাটলার কাছের ট্রান্সফরমারে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই লেকের পাড়ে থাকা বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই সময় খুঁটির ওপর ও আশপাশে বেশ কয়েকটি কাকও ছিল।
আগুন লাগার খবর পেয়ে পথচারীরা দ্রুত চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ ও চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং বিকেল ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে সক্ষম হন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান টিপু জানান, বিদ্যুতের লাইন, ডিসের লাইন ও ইন্টারনেটের তারসহ অনেকগুলো তার একই জায়গায় ছিল। অতিরিক্ত তাপ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন, তবে আগুনের সঠিক কারণ তারা নিশ্চিত করে বলতে পারেননি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত এবং বিদ্যুৎ সংযোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পরেই বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।





























