গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়।
এই ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওসি আরও জানান, রিলিফ ট্রেন আসার অপেক্ষায় উদ্ধারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই উদ্ধার তৎপরতা শুরু হবে। এছাড়া এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।


























