মৌলভীবাজারের কমলগঞ্জে নদীতে অটোরিকশা, নিখোঁজ চালক প্রিতম
- আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ চালক উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা টমাস এরিকের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে প্রিতম এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে যাত্রী নামিয়ে দক্ষিণ কুমড়াকাপন গ্রামে পৌঁছে দিয়ে ফেরার পথে ধলাই নদীর পাড়ে গাড়িটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে স্থানীয় এক নারী চিৎকার করলে এলাকাবাসী উদ্ধারের জন্য এগিয়ে আসেন, কিন্তু তার আগেই অটোরিকশাটি পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও বিকাল পৌনে ৪টা পর্যন্ত নিখোঁজ চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় পর্যায়ে ডুবুরি দলের ব্যবস্থা না থাকায় সিলেট থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তারা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।




























