রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২, অস্ত্র-গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে রূপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাতে রূপগঞ্জের বরাবো ও বিরাব এলাকায় এই পৃথক অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার বড়ভাঙ্গা এলাকার বাসিন্দা তাপস (৩৮) এবং পূর্ব বক্সনগর এলাকার মো. মাসুদ রানা (৩৫)। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত আড়াইটার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে প্রথমে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন এলাকায় জলিলের বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায় পুনরায় অভিযান চালানো হয়। সেখানে তার থাকার কক্ষের সানশেডের ওপর থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়ায় বিএনপি নেতা মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা বর্তমানে তদন্ত করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রূপগঞ্জ পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও আলামত সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় আলাদা কোনো মামলা দায়ের করা হয়নি।


























