সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক নিহত, আহত ৭
- আপডেট সময় : ১২:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন 'ফেরদৌস স্টিল' নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক গুরুতর আহত হন, যাদের মধ্যে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন বলে জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং আহত শ্রমিকদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।


























