ফরিদপুরে বাসচাপায় ৫ জনের মৃত্যু: বিক্ষোভে জ্বলল ৬ যানবাহন
- আপডেট সময় : ১২:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ডিমবোঝাই একটি ট্রাকের চাকা ফেটে গেলে সেটি সড়কের ওপর উল্টে যায়। ট্রাক থেকে মহাসড়কে ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো কুড়াতে রাস্তায় নেমে আসেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।




























