ইউরোপে রেকর্ড ভাঙতে পারে এবারের দাবানল, সতর্কবার্তা ইইউর
- আপডেট সময় : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ইউরোপে চলমান দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব এই সতর্কবার্তা দিয়েছেন। একই সাথে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া এই দাবানলের মৌসুম শীতের আগমন অর্থাৎ আগামী নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।
নজিরবিহীন এই দুর্যোগ মোকাবিলায় ইইউর নির্বাহী বিভাগ জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সরঞ্জাম পাঠানোর বিষয়টি সমন্বয় করছে। এরই অংশ হিসেবে ফ্রান্সে ৭টি বিমান ও ৪টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। পাশাপাশি স্পেনে ৬টি বিমান ও ৩টি বিশেষ দমকলকর্মী দল পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার জন্য।
ফ্রান্সের বোর্দো অঞ্চলের কাছে জিরোন্দেতে ছড়িয়ে পড়া একটি 'মেগা দাবানল' নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অনিয়ন্ত্রিত এই আগুনে ইতোমধ্যে প্যারিস শহরের চেয়ে প্রায় চার গুণ বড় এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলটি যেভাবে নজিরবিহীন গতিতে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইইউর কর্মকর্তারা।
এদিকে সম্প্রতি দক্ষিণ স্পেনে ছড়িয়ে পড়া দাবানলে ১৩ জন প্রাণ হারিয়েছেন। সেখানে তীব্র শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে চারদিকে ছড়িয়ে পড়ছে। সাধারণত দমকলকর্মীরা মাটিতে দাঁড়িয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ মিটার গতিতে এগিয়ে চলা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। তবে স্পেনের এই আগুন স্বাভাবিক সক্ষমতার চেয়ে প্রায় ২০ গুণ দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।




























