খুলনা সিটি কর্পোরেশনের গ্যারেজে ময়লার গাড়ির চাপায় চালক নিহত
- আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির নিচে চাপা পড়ে আব্দুস সালাম (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা এবং মেসের আহম্মেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কেসিসির চালক আব্দুর বারেক গ্যারেজ থেকে ময়লার কনটেইনারবাহী একটি গাড়ি বের করছিলেন। এ সময় আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে গ্যারেজে উপস্থিত লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেসিসির যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ জানান, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন যে, গাড়িটি বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়েছেন। নিহত আব্দুস সালাম ও আব্দুর বারেক দুজনেই কেসিসির চালক পদে কর্মরত ছিলেন।
ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, তবে তিনি খোঁজখবর নিচ্ছেন।


























