সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ
- আপডেট সময় : ০৫:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে কোনো বিষয় নিয়ে মারুফের মনোমালিন্য হয়। এতে অভিমান করে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন তিনি। এরপর জামাকাপড় একটি ট্রাভেল ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।
পরদিন বুধবার রাতে বাড়ির কাছের একটি ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের গলায় গামছা পেঁচানো লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে তার ট্রাভেল ব্যাগ ও জুতা জব্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখানে দেখা যায়, পুকুরপাড় ও ধানখেতের মাঝামাঝি জায়গায় লাশটি পড়েছিল। গলায় বাঁধা গামছার এক অংশ পুকুরপাড়ের একটি গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল এবং অন্য অংশটি ছিল লাশের গলায়। ধারণা করা হচ্ছে, গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে গিয়ে তিনি ধানখেতে পড়ে যান। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।





























