শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: সিসি ক্যামেরা ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ১৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করাসহ প্রতিটি মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দর্শনার্থীদের যাতায়াত সুগম করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি মেজর আশিক এবং এসআরবির কমান্ডিং অফিসার লাবিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এবং নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ নিজ এলাকার প্রস্তুতি তুলে ধরেন।
সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সভায় বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে জেলা যুবদলের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্য অনুযায়ী, এবার শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

























