অক্টোবরে অপরিবর্তিত থাকছে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম
- আপডেট সময় : ১১:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

অক্টোবর মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। ফলে অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত মূল্যহারই অক্টোবর ২০২৬ মাসের জন্য কার্যকর থাকবে। এই নতুন সিদ্ধান্ত বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। ওই দিন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয় সে সময় জানিয়েছিল, মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার তখনো দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বজায় রাখা এবং জ্বালানি তেল পাচার রোধের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও মন্ত্রণালয় উল্লেখ করেছিল।




























