কূটনীতির পাশাপাশি সামরিক হামলার জবাব দিতে প্রস্তুত ইরান
- আপডেট সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৮। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি নতুন করে কোনো সামরিক হামলা চালানো হয়, তবে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি এই দ্বিমুখী অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা কূটনীতির জন্য প্রস্তুত, আবার যুদ্ধের জন্যও প্রস্তুত।
ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব হতে পারে। আরাগচির ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়ার মতো নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেয়, তবেই এই প্রক্রিয়া শুরু হবে।
আরাগচি জানান, ওয়াশিংটন চার থেকে পাঁচ দিনের মধ্যে এই পদক্ষেপগুলো নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তি নিয়ে দুই পক্ষ আলোচনায় বসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে আরাগচি বলেন, তারা বিষয়টি শুনেছেন কিন্তু মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছেন।
উল্লেখ্য যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং পরবর্তী সামুদ্রিক অবরোধের পর থেকে এই জলপথের কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে ইরান।





























