যশোরের চৌগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের মামা-ভাগিনার মৃত্যু
- আপডেট সময় : ১১:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের ঢালীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, সন্ধ্যার আগে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, তারা কখন পানিতে পড়েছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।





























