শ্রীনগরে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭
- আপডেট সময় : ১২:০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ হরিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।
জানা গেছে, চক্রটি র্যাব পরিচয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুট করার পরিকল্পনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, র্যাবের জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র্যাবের লোগোযুক্ত নকল আইডি কার্ড, খেলনা পিস্তল ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নওগার বদলগাছি উপজেলার নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ির পাংশা উপজেলার মিজানুর রহমান (৪১), বরগুনার পরিরখাল এলাকার আব্দুল আলীম, মাগুরার সদরের সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫), শরিয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০) এবং গাড়িচালক আবু হানিফ (৩২)।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল।


























