পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া 'ভূত আতঙ্ক' কাটাতে একটি বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাটেঙ্গা তিনমাথা সড়কের ভাঙ্গা মসজিদ মোড় এলাকায় এই ধর্মীয় কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৬০০ মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই তিন রাস্তার মোড়ে রাতে এক ব্যক্তিকে অজ্ঞাত কোনো বস্তু পুকুরে ফেলে দিতে দেখা যায়। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এছাড়া রাতের বেলা ওই সড়কে সাপ, বিড়ালসহ মানুষের ছায়া বা অবয়বের মতো নানা অস্বাভাবিক বস্তু হঠাৎ দেখা গেলেও কিছুক্ষণ পর সেগুলো অদৃশ্য হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এসব ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের অনেকেই এগুলোকে ভূত বা জিনের কাণ্ড বলে মনে করতে শুরু করেন।
এই ধরনের আতঙ্ক ও গুঞ্জন থেকে গ্রামবাসীকে নিরাপদ রাখতে এলাকার মুরব্বি ও বাসিন্দারা সম্মিলিতভাবে চাল-ডাল সংগ্রহ করেন। দিনব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল শেষে সন্ধ্যার পর সেখানে উপস্থিত প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইসমাইল বলেন, 'ভূত বলে কিছু না থাকলেও জিন থাকতে পারে। তাই ইসলামী শরীয়াহ অনুযায়ী মিলাদ পড়িয়ে এসব বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়েছে।' এই অদ্ভুত আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





























