কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত
- আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়মিত মোবাইল টহল ডিউটি পালনকালে সড়ক দুর্ঘটনায় মো. আসাদুজ্জামান (৫২) নামের এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকখালি রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান কটিয়াদী মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার সময় একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিলেন। মানিকখালী রোড মোড়ে গাড়িটি ঘোরানোর সময় একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কনস্টেবল আসাদুজ্জামান মাথায় মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই তার সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।




























