পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার আটটি উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে সমবেত হন।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা মোশতাক আহমেদ পিনুসহ জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফায়দা লোটার চেষ্টা করলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তারা বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমানে কিছু দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে, যা বিএনপি ও দেশের আপামর জনসাধারণ মেনে নেবে না। চলমান এই নৈরাজ্য বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এসব কমিটিতে হাইব্রিড নেতা, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো স্থান হবে না। বরং ত্যাগী ও নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। এছাড়া দেশকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে "পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে" সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় অনুষ্ঠিত সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়।



























