লালমনিরহাটে নারী সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী যুব সমাবেশ
- আপডেট সময় : ০৩:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ‘নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান’ স্লোগানকে সামনে রেখে একটি দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা পারিবারিক আয় উন্নয়ন সংস্থা (ফিডা) এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এর জন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে নারী নির্যাতন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
দিনব্যাপী এই আয়োজনে নারীর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার কারণ এবং তা প্রতিরোধের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সামাজিক অধিকার ও সম্মান ফিরিয়ে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সমাবেশে যুব প্রতিনিধি ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



























